শাহবাগে ছাত্রদলের হামলায় ডাকসুর জুবায়ের-মুসাদ্দিক আহত
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
রাজধানীর শাহবাগ থানার সামনে হামলার শিকার হয়েছেন ডাকসুর যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে। হামলায় তারা দুজনই আহত হয়েছেন।
চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।
ছাত্রশিবির জানিয়েছে, বহিরাগতদের নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ডাকসুর এই দুই নেতার ওপর হামলা করেছে। এ বিষয়ে ডাকসুর সাধারণ সম্পাদক ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে এবি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা করেছে।
তবে এ অভিযোগের বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান দাবি করেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এ বি জুবায়েরসহ ছাত্রশক্তি ও শিবিরের নেতাকর্মীরা থানায় আসলে সেখানে ঢাবি শিক্ষার্থীরা ও বিক্ষুব্ধ জনতা তাদের মারধরের চেষ্টা করে। কিন্তু সেখানে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ ছাত্রদলের নেতাকর্মীরা ঢাল হয়ে দাঁড়ায়।
রাজধানীর শাহবাগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের দুই নেতা এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলা করেছেন ছাত্রদলের নেতাকর্মী।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহবাগ থানার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হামলার মুখে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ও সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের শাহবাগ থানার ভেতরে আশ্রয় নেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে মুসাদ্দিকের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন।
এদিকে রাত পৌনে ৯টায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম শাহবাগ থানায় উপস্থিত হন। একই সময়ে ঘটনাস্থলে উপস্থিত হন ডাকসু ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম।
এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও ডাকসু ভিপি সাদিক কায়েম মুখোমুখি হন। উত্তেজনার মধ্যেই পরিস্থিতি শান্ত করতে রাকিব ও সাদিক কায়েমের মধ্যে কিছুক্ষণ কথা হয়। এরপর তারা দু-দিকে চলে যান।
এর কিছুক্ষণ পর ছাত্রদলের সভাপতি ও পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম এ বি জুবায়েরসহ বাকিদের শাহবাগ থানা জামে মসজিদের ফটক দিয়ে বের করে নিয়ে যান।

