সর্বশেষসারাদেশ

জাইমাকে নিয়ে আপত্তিকর ছবি পোস্ট, যুবক আটক

২৩ এপ্রিল, ২০২৬

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের সঙ্গে এআই নির্মিত আপত্তিকর একটি ছবি পোস্ট দেওয়ার অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জে মো. শাকিল আহমেদ (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি নগর ভাউলাগঞ্জ এলাকার মো. বুলবুল ইসলামের ছেলে এবং ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বানানো ছবি ও লেখা পোস্ট করেন। পোস্টে ব্যবহৃত ক্যাপশনে লেখা ছিল, ‘তারেক কাকু সব কার্ড ছাপিয়ে দিল খালি আমাদের বিয়ের কার্ড দিলো না। ১. পরিবার কার্ড ২. তেল কার্ড ৩. খেলাধুলা কার্ড আরো কিছু কার্ড রেডি’। পোস্টটি পরে স্ক্রিনশট আকারে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পোস্টটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে অবহিত করা হলে দেবীগঞ্জ থানার এসআই ফারুকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করে।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টটি যাচাই করে এর সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *