আন্তর্জাতিকসর্বশেষ

যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ক্ষেত্রে তিন বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৩ এপ্রিল, ২০২৬

ইরান সংলাপ ও সমঝোতাকে স্বাগত জানায় এবং তা অব্যাহত রেখেছে। তবে তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। সূত্র: আলজাজিরা

পেজেশকিয়ান পোস্টে লিখেছেন, ‘প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকি প্রদানই আলোচনার  পথে প্রধান বাধা।’

যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে পেজেশকিয়ান তার বক্তব্যের শেষে লিখেছেন, ‘বিশ্ব তোমাদের অন্তহীন কপট কথাবার্তা এবং দাবি ও কাজের মধ্যকার বৈপরীত্য দেখতে পাচ্ছে।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ লিখেছেন, ‘নৌ-অবরোধ করে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে এবং জায়নবাদীদের (ইসরাইল) সব ফ্রন্টের যুদ্ধংদেহী মনোভাব বন্ধ হলেই কেবল একটি অর্থবহ পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অর্জন সম্ভব।’

গালিবাফ আরও লিখেছেন, ‘যুদ্ধবিরতির এমন চরম লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়।’

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক হামলা শুরু করে। এতে দেশজুড়ে সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়, যার ফলে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে।

এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী বিভিন্ন দফায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও রাডার  ব্যবস্থা এবং ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পালটা আঘাত হানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *