আন্তর্জাতিকসর্বশেষ

চুক্তিতে স্বাক্ষর না করলে ইরানকে উড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২০ এপ্রিল, ২০২৬

চুক্তিতে স্বাক্ষর না করলে ইরানকে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন। সূত্র: আলজাজিরা

এর আগে ‘নিউ ইয়র্ক পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল আলোচনার জন্য ইসলামাবাদের পথে রয়েছে। প্রতিনিধিদলে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফও রয়েছেন।

ট্রাম্প আরো বলেন, প্রতিনিধিদলটি সোমবার সন্ধ্যার মধ্যেই পাকিস্তানে পৌঁছাবে এবং চুক্তিটি ‘আজই’ স্বাক্ষরিত হবে।

চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও ট্রাম্প কড়া ভাষায় ইরানকে সতর্ক করেন। তিনি বলেন, এটি ইরানের জন্য একটি ‘ন্যায্য ও যুক্তিসঙ্গত’ চুক্তিতে আসার ‘শেষ সুযোগ’।

ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ‘যদি তারা এই চুক্তিতে স্বাক্ষর না করে, তবে পুরো দেশটি উড়িয়ে দেওয়া হবে।’ তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং সেতুগুলো লক্ষ্য করে হামলার হুঁশিয়ারিও দেন।

গত সপ্তাহে ইসলামাবাদে প্রথম দফার ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিল। এরপর ১০ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনার প্রেক্ষাপটে এই দ্বিতীয় দফার আলোচনা শুরু হতে যাচ্ছে। ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই আলোচনায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা না হলেও, ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান ইতিমধ্যে চুক্তির অনেকগুলো বিষয়ে একমত হয়েছে।

উল্লেখ্য, বুধবার বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলায় এই আলোচনাকে একটি বড় সংঘাত এড়ানোর ‘চূড়ান্ত সুযোগ’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সূত্র অনুযায়ী, রাষ্ট্রদূত পর্যায়ে প্রাথমিক আলোচনার পর দ্বিতীয় ধাপে উচ্চপর্যায়ের প্রতিনিধিরা এই চুক্তিতে চূড়ান্ত সই করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *