প্রশান্ত মহাসাগরে মার্কিন মাদকবিরোধী অভিযানে নিহত ৫, আহত ১
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানের ওপর সর্বশেষ হামলায় পাঁচজন নিহত হয়েছেন এবং একজন জীবিত আছেন। সূত্র: এএফপি
রোববার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ১১ এপ্রিল দুটি নৌযানের ওপর এই হামলা চালানো হয়। ইউএস সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একটি পোস্টে হামলার আকাশ থেকে ধারণ করা ভিডিওও প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, “প্রথম হামলায় দুজন পুরুষ ‘নার্কো-সন্ত্রাসী’ নিহত হন এবং একজন বেঁচে যান। দ্বিতীয় হামলায় আরও তিনজন পুরুষ ‘নার্কো-সন্ত্রাসী’ নিহত হন।”
হতাহতরা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। তবে মাদক পাচার অভিযোগের পক্ষে যুক্তরাষ্ট্র কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে জানানো হয়েছে।
কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র মাদক বিরোধী এই বিতর্কিত অভিযান চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা অন্তত ১৬৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

