আন্তর্জাতিকসর্বশেষ

ইরানের স্থগিত থাকা সম্পদ ছাড় দিতে রাজি যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১২ এপ্রিল, ২০২৬  

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রথম দিনেই ইতিবাচক খবর এসেছে বলে জানা গেছে। ইরানি প্রতিনিধিদলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে আলজাজিরা জানায়, যুক্তরাষ্ট্র নাকি ইরানের স্থগিত থাকা কিছু সম্পদ ছাড় দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

সূত্রগুলো আরও জানায়, সম্পদ ছাড় সংক্রান্ত এই সিদ্ধান্তের পরই ইরান আলোচনায় অংশ নেয়।

ইরানের ১২০ বিলিয়ন ডলার আটকা রাখা হয়েছে বলে জানা গেছে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেন, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া একটি মার্কিন ডেস্ট্রয়ার ইরানি সশস্ত্র বাহিনীর নজরদারিতে ছিল। তিনি জানান, বিষয়টি দ্রুত পাকিস্তানে অবস্থানরত ইরানি আলোচক দলকেও অবহিত করা হয়।

অন্যদিকে, অ্যাক্সিওসের এক সাংবাদিক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে ইরানের তাসনিম বার্তা সংস্থা এক অজ্ঞাত সূত্রের বরাতে এই দাবি অস্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *