সৌদি বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২৭ মার্চ, ২০২৬
সৌদি আরবে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক হামলায় অন্তত ১২ মার্কিন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই সেনার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার (২৭ মার্চ) মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান
নিউইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নাল অজ্ঞাতনামা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিযাদের দক্ষিণে খার্জে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলাটিতে অন্তত একটি ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে। ইরান মূলত তাদের ওপর হওয়া মার্কিন হামলার জবাবে এই প্রতিশোধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
ইরানের দাবি, পারস্য উপসাগরীয় দেশগুলো মার্কিন বাহিনীর আক্রমণের ‘লঞ্চপ্যাড’ বা ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইরানের হামলায় বিমানবন্দরে থাকা কয়েকটি যুদ্ধবিমানও ধ্বংস হয়েছে বলে টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়, হামলার সময় মার্কিন সেনারা ঘাঁটির ভেতর একটি ভবনে অবস্থান করছিলেন। সরাসরি আঘাতের ফলে সেখানে ক্ষতির পাশাপাশি বেশ কয়েকটি এরিয়াল রিফুয়েলিং বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, এর আগেও এই ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছিল সৌদি আরব।

