নিজে বাঁচতে রেজিস্ট্রারকে অব্যাহতির অভিযোগ বিকেইউ ভিসির বিরুদ্ধে
মফস্বল ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রেজিস্ট্রার ড. হারুন অর রশিদের নিয়োগ বাতিল নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী নিজেকে বাঁচাতে রেজিস্ট্রার হারুনকে কোনো কারণ ছাড়াই অব্যাহতি দিয়েছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ছুটির পর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার পরদিনই জামায়াতপন্থি আখ্যা দিয়ে রেজিস্ট্রার হারুনের নিয়োগ বাতিল করা হয়। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ১২০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপাচার্য শওকত আলী নিজেকে বাঁচাতে রেজিস্ট্রার হারুন অর রশিদকে কোনো কারণ ছাড়াই অব্যাহতি দিয়েছেন।
সম্প্রতি বিএনপিপন্থি শিক্ষকদের সঙ্গে আঁতাত করে আওয়ামীপন্থি শিক্ষকরা ভিসি এবং রেজিস্ট্রারকে জামাতপন্থি আখ্যা দিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে লেখালেখি শুরু করেন। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরাও আওয়ামীপন্থি শিক্ষকদের মতো ভিসিকে জামায়াত ট্যাগ দিয়ে সামাজিকমাধ্যমে লেখালেখি শুরু করেন। এতে ভিসি ভয় পেয়ে নিজের পদ বাঁচাতে রেজিস্ট্রার হারুনকে কোনো কারণ ছাড়াই অব্যাহতি দেন।
তারা জানান, রেজিস্ট্রার হারুন অর রশিদ নামাজি-পরহেজগার এবং সৎভাবে জীবনযাপন করা মানুষ। তিনি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার পদে নিয়োগের পর একাধিক ভুয়া নিয়োগ এবং বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেন। অনিয়ম এবং জাল সনদে চাকরি নেওয়ার বিষয়টি প্রমাণ হওয়ায় ইতোমধ্যে কয়েকজনের চাকরি যায়। আরো বেশ কয়েকজন চাকরি যাওয়ার ঝুঁকিতে আছেন।
জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাদী হয়ে কেউ মামলা করার সাহস পাননি। তখন রেজিস্ট্রার হারুন বিশ্ববিদ্যালয়ের পক্ষে আবু সাঈদের হত্যাকারীদের বিচার চেয়ে মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মচারী এবং পুলিশ কর্মকর্তাসহ অনেককে আসামি করা হয়। বর্তমানে মামলাটি চলমান।

