চলতি বছর যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট:ট্রাম্প
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৯ ফেব্রুয়ারি, ২০২৬
চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ ও কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই নতুন এই তথ্য জানান খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই ঘোষণা দেন। সাক্ষাৎকারের কিছু অংশ গতকাল রোববার প্রচারিত হয়। ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, তিনি (শি জিন পিং) বছরের শেষ নাগাদ হোয়াইট হাউসে আসছেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটি দেশের হিসেবে আমাদের সম্পর্ক বর্তমানে অত্যন্ত চমৎকার।’
২০২৬ সালের এপ্রিলে ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে যাওয়ার কথা রয়েছে। সেই সফরের কয়েক মাস পরেই শিন জিং পিং ফিরতি সফরে যুক্তরাষ্ট্রে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
গত বুধবার দুই নেতার মধ্যে এক দীর্ঘ ফোনালাপ হয়। সেখানে বাণিজ্য সংঘাত ছাড়াও তাইওয়ান ইস্যু, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ও ইরান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ফোনালাপ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে। আমরা দুজনেই বুঝি, এই সুসম্পর্ক বজায় রাখা কতটা জরুরি।’

