সর্বশেষসারাদেশ

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আজ সোমবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে এ কার্যক্রম পরিচালিত হয়। শুনানির শুরুতে কারাগারে থাকা অন্যতম আসামি চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ছাড়া অন্যান্য সব আসামিকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়।

নিহত আইনজীবী আলিফের বাবা ও মামলার বাদী জামাল উদ্দিন প্রথম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন। এ সময় আসামি চিন্ময় কৃষ্ণ দাস ভার্চ্যুয়ালি যুক্ত করা হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আজ বাদীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার প্রক্রিয়া গতি পেয়েছে। তবে আসামিপক্ষ বারবার সময়ের আবেদন করে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা করছে।

জেরা করার জন্য আসামিপক্ষ সময়ের আবেদন করলে আদালত পরবর্তী শুনানির দিন আগামী ১৮ ফেব্রুয়ারি ধার্য করেন। এ মামলায় তদন্ত কর্মকর্তা প্রায় ৫০ জন সাক্ষীর সমন চেয়েছেন বলে জানা গেছে।শুনানি চলাকালে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *