ভাড়াটিয়াদের ছাদ ও মূল গেটের চাবি দেওয়ার নির্দেশ দিল ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
২০ জানুয়ারি, ২০২৬
নিরাপত্তার স্বার্থে প্রত্যেক ভাড়াটিয়াকে শর্তসাপেক্ষে ছাদের ও মূল ফটকের চাবি দিতে বাড়ির মালিকদের নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রাজধানীর গুলশানে ডিএনসিসির নগর ভবনে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই নির্দেশনার কথা জানান সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ।
ভাড়াটিয়ার অধিকার নিশ্চিতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ নিয়ন্ত্রকের পক্ষে সিটি করপোরেশনের নির্দেশনায় বলা হয়, সম্প্রতি ভবনে অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ইত্যাদি নানা ধরনের মনুষ্য সৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে; যার ফলে অসংখ্য মানুষের প্রাণহানিসহ সম্পদ বিনষ্ট হচ্ছে। এমতাবস্থায়, নিরাপত্তার স্বার্থে বাড়িওয়ালা তার প্রত্যেক ভাড়াটিয়াকে ছাদের ও মূল গেটের চাবি শর্তসাপেক্ষে দেবেন। আর বাড়ির মালিক অবশ্যই তার বাড়িটি বসবাসের উপযোগী করে রাখবেন।
এতে আরও বলা হয়, বাড়িতে ইউটিলিটি সার্ভিস (গ্যাস, বিদ্যুৎ, পানি) এর নিরবচ্ছিন্ন কানেকশন, দৈনিক গৃহস্থালি বর্জ্যকালেকশনসহ অন্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। এর কোনো ব্যত্যয় বা কোনো সমস্যার সম্মুখীন হলে ভাড়াটিয়া সংশ্লিষ্ট বাড়িওয়ালাকে অবগত করবেন এবং বাড়িওয়ালা দ্রুত সেই সমস্যা সমাধান করবেন।
বাড়ি ভাড়ার বিষয়ে ডিএনসিসির প্রশাসক বলেন, ভাড়াটিয়া প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বাড়িওয়ালাকে ভাড়া দেবেন। বাড়িওয়ালাদের অবশ্যই প্রমাণ কপি হিসেবে ভাড়াটিয়াকে প্রতি মাসে মাসিক ভাড়ার লিখিত রশিদ দিতে হবে। সেই সঙ্গে প্রতি মাসে ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়া বাড়িওয়ালার কাছ থেকে ভাড়া প্রাপ্তির স্বাক্ষরযুক্ত লিখিত রশিদ সংগ্রহ করবেন।
এ সময় তিনি ভাড়াটিয়ার অধিকার নিশ্চিতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ নিয়ন্ত্রকের পক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন একটি নির্দেশিকা দেন।

