আফগান রাজধানী কাবুলে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৭, আহত ২০
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২০ জানুয়ারি, ২০২৬
আফগানিস্তানের রাজধানী কাবুলে এক শক্তিশালী বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনের বেশি মানুষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র: রয়টার্স
সোমবার (১৯ জানুয়ারি) তালেবান কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, কাবুলের শার-ই-নাও এলাকায় এই বিস্ফোরণ ঘটে। এলাকাটি বিদেশিদের আবাসস্থল হিসেবে পরিচিত এবং রাজধানীর তুলনামূলক নিরাপদ অঞ্চলগুলোর অন্যতম একটি বলে মনে করা হয়।
তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন কানি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, প্রাথমিকভাবে হতাহতদের তথ্য পাওয়া গেছে এবং বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে, কাবুলে একটি হাসপাতাল পরিচালনাকারী ইতালীয় এনজিও ‘ইমার্জেন্সি’ এক বিবৃতিতে জানায়, সোমবার বিকেলে শার-ই-নাও এলাকায় তাদের হাসপাতালের কাছেই এই বিস্ফোরণ ঘটে। এরপর সেখান থেকে অন্তত ২০ জনকে কাবুলের ইমার্জেন্সি সার্জিক্যাল সেন্টারে আনা হয়। তাদের মধ্যে সাতজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।
২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে, বিশেষ করে কাবুলে, বিস্ফোরণের ঘটনা তুলনামূলকভাবে কমেছে। তবে দেশটিতে ইসলামিক স্টেট (আইএস)–সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীগুলো এখনও সক্রিয় রয়েছে এবং মাঝে মাঝে হামলা চালাচ্ছে। চলতি ২০২৫ সালেও আফগানিস্তানে একাধিক আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে।

