খেলাসর্বশেষ

সমঝোতায় বিসিবি-ক্রিকেটাররা, শুক্রবার মাঠে গড়াচ্ছে বিপিএল

ক্রীড়া ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৬ জানুয়ারি, ২০২৬

দিনভর উত্তেজনায় ছিল নানান শঙ্কা। ক্রিকেটারের বয়কটের কারণে শেষ পর্যন্ত খেলা মাঠে গড়ায়নি বিপিএলের ম্যাচ। দিনভর নানান উত্তেজনার পর মধ্যরাতে হয়েছে সমঝোতা। ক্রিকেটাররা মাঠে ফিরবে শুক্রবার থেকে। ফলে শুক্রবার নির্ধারিত সময়ে মাঠে গড়াল নতুন সূচিতে শুরু হবে ম্যাচ। বৃহস্পতিবার মাঠে না গড়ানো দুই ম্যাচ দিয়ে শুক্রবার বিপিএলের ঢাকা পর্ব শুরু হবে। ১৬ জানুয়ারির ম্যাচ হবে ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি। ফলে আগামী ১৮ জানুয়ারি বিশ্রামের দিন থাকলেও সেদিনও হবে খেলা। ফলে প্লে অফের প্রথম দিনের খেলাও পিছিয়ে দেওয়া হয়েছে একদিন। আগামী ১৯ জানুয়ারি প্লে অফ শুরুর কথা থাকলেও সেটা অনুষ্ঠিত হবে আগামী ২০ জানুয়ারি।

বৃহস্পতিবার ক্রিকেটাররা সকল ধরনের ক্রিকেট বয়কট করায় মাঠে গড়ায়নি বিপিএলের কোন ম্যাচ। এ নিয়ে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। এছাড়া বিসিবি পদক্ষেপ নেওয়ার পরও কেন দ্বিতীয় ম্যাচ খেলতে নামেনি ক্রিকেটাররা? এই প্রশ্নের জবাবে মোহাম্মদ মিঠুন বলেন, ‘আমাদের সঙ্গে ওই সময় সঠিক যোগাযোগটা হয়নি।আমরা প্রতিনিয়ত বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। আমরা মিঠু ভাইকে ওই সময় ফোন করেও বলেছি আমরা হোটেলে অপেক্ষা করছি আপনি আসেন। আমরা ক্রিকেটাররা আপনাদের সঙ্গে কথা বলব। তখনও উনি বোর্ডের বিভিন্ন ইস্যুতে আটকে গেছেন, উনি আসতে পারেননি। ওই সময় আমরা এমন কোনো জায়গায় পৌঁছাতে পারিনি, যেটার কারণে আমরা দ্বিতীয় ম্যাচে যেতে পারিনি।’

বিসিবি ইতোমধ্যে পরিচালক এম নাজমুল ইসলামকে দিয়েছে কারণ দর্শানোর নোটিশ। তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি। যদি ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ কারণসহ লিখিত জবাব না পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইফতেখার রহমান মিঠু। এ নিয়ে ইতোমধ্যে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *