বাংলাদেশ ইস্যুতে ভারতের বক্তব্য পাকিস্তানের প্রত্যাখ্যান

ছবি: সংগৃহীত।
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১১ জানুয়ারি, ২০২৬
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা নিয়ে ভারতের মন্তব্যকে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভারতের এ বক্তব্য অযৌক্তিক ও অনভিপ্রেত। একই সঙ্গে এটিকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে। ইসলামাবাদ ও ঢাকার সম্পর্ক একটি সার্বভৌম বিষয়, যেখানে কোনো তৃতীয় পক্ষের সম্মতির প্রয়োজন নেই বলে জানানো হয়।
ভারতের এই মন্তব্য আসে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জেসওয়ালের শুক্রবার (৯ জানুয়ারি) এক সংবাদ ব্রিফিংয়ের পর। সেখানে তিনি বলেন, জে এফ–১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার সম্ভাবনা নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে চলমান আলোচনা নয়া দিল্লি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে।
এই মন্তব্যের আগেই পাকিস্তান এয়ার ফোর্স প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু ও বাংলাদেশ এয়ার ফোর্স প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জে এফ–১৭ ক্রয় ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে সিধু পাকিস্তান এয়ার ফোর্সের সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে বাংলাদেশকে অবহিত করেন। একই সঙ্গে সুপার মুশশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের প্রতিশ্রুতি দেন এবং বিস্তৃত প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদি সহায়তার আশ্বাস দেন। অপরদিকে বাংলাদেশ এয়ার ফোর্স প্রধান পুরোনো বিমান রক্ষণাবেক্ষণ ও এয়ার ডিফেন্স রাডার সিস্টেম একীভূত করার মাধ্যমে নজরদারি সক্ষমতা বাড়াতে সহায়তা চান।
