আন্তর্জাতিকসর্বশেষ

গ্রিনল্যান্ডে মার্কিন হামলা হবে ন্যাটোর মৃত্যু : ডেনমার্ক

গ্রিনল্যান্ডে ডেনিশ সেনারা। ছবি:রয়টার্স

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৬ জানুয়ারি, ২০২৬

ডেনমার্কের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল নিতে যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে ন্যাটো সামরিক জোটের মৃত্যু ঘটবে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডরিকসন এই হুঁশিয়ারি জানিয়েছেন। সূত্র: আলজাজিরা

গতকাল সোমবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের গ্রিনল্যান্ড লাগবে। পরই প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন ড্যানিশ প্রধানমন্ত্রী।

গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কে ধরে নিয়ে যায় মার্কিন সেনারা। এরপর লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশে হামলাসহ গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে আসছেন তিনি। ট্রাম্প গত রোববার সাংবাদিকদের বলেন, “আগামী ২০ দিনের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা শুরু হবে।”

ভেনেজুয়েলায় এমন নজিরবিহীন হামলা ও ট্রাম্পের হুমকির ডেনমার্কের নেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্র হামলা চালালে ন্যাটোর সমাপ্তি ঘটবে এ কথা জানিয়ে সংবাদমাধ্যম টিভি২-কে ড্যানিশ প্রধানমন্ত্রী বলেছেন, “যদি যুক্তরাষ্ট্র সামরিকভাবে আরেকটি ন্যাটো দেশে হামলার সিদ্ধান্ত নেয়। তখন ন্যাটোসহ সবকিছুর সমাপ্তি ঘটবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটিরও সমাপ্তি হবে।”

গ্রিনল্যান্ড দখল করতে ট্রাম্প সামরিক হামলার কথা উড়িয়ে দিচ্ছেন না। এরমধ্যে তার ভেতরের লোকজন গ্রিনল্যান্ড নিয়ে বিভিন্ন উস্কানি দিচ্ছেন। এছাড়া গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করতে চাওয়া লুজিয়ানার গভর্নর জেফ লেন্ডরিকে গ্রিনল্যান্ডের বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।

গ্রিনল্যান্ড বিশ্বের কোনো স্বাধীন দেশ নয়। এটি আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি বিশাল ভূখণ্ড। কিন্তু সেখানে রয়েছে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্বশাসিত অঞ্চল। ফলে গ্রিনল্যান্ড সরকার ব্যবস্থায় ডেনমার্ক সরাসরি হস্তক্ষেপ করে না। কিন্তু তাদের নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক দিকগুলো ডেনমার্কই দেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *