খেলাসর্বশেষ

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে বিসিবির চিঠি

ক্রীড়া ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৩ জানুয়ারি, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইসিসিকে চিঠি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিসিবি। আগামী ২৫ জানুয়ারি বিশ্বকাপ খেলতে দেশটিতে যাওয়ার কথা ছিল। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।

এর আগে গতকাল এক অনলাইন বৈঠকে বসেছিল বিসিবি। ওই বৈঠকে ভারতের বিপক্ষে কঠোর অবস্থানে না যাওয়ার পরামর্শ ছিল। তবে দেশজুড়ে তৈরি হওয়া নানান সমালোচনা এবং সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ইতোমধ্যে আইসিসিকে চিঠি দিয়ে নিজেদের ম্যাচের ভেন্যু বদলের অনুরোধ করেছে বাংলাদেশ।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, ‘কিছুক্ষণের মধ্যে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবির অবস্থান পরিষ্কার করা হবে। মোস্তাফিজ ও বিশ্বকাপ–দুই ইস্যুতেই পরিষ্কার বার্তা থাকবে।’

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছিল মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাদ দেওয়া থেকে। নিরাপত্তার শঙ্কায় বিসিসিআই মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এর পরেই প্রশ্ন ওঠে–যেখানে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারবে না ভারত, সেখানে কীভাবে পুরো দলকে নিরাপত্তা দেবে? এমনকি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও এ প্রশ্ন তোলেন। এক ফেসবুক পোস্টে তিনি জানান, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিতে বিসিবিকে জানাবেন তিনি। এর পরেই জানা গেল, বিশ্বকাপ খেলতে ভারতে না যেতে চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *