হামিদুর রহমান, মান্নাসহ ৯৯ জনের মনোনয়নপত্র বাতিল

ফাইল ছবি
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৩ জানুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফীসহ অন্তত ৯৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে দলীয় প্রার্থী হিসেবে সর্বোচ্চ ৯ জন রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের। জাতীয় পার্টির (জাপা) ৮ জন ও হামিদুরসহ জামায়াতের তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
হলফনামায় তথ্যে গলদ, ঋণ খেলাপ, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সমর্থনকারী ভোটারের তথ্যে গরমিলসহ নানা অসংগতির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়া দলীয় অন্য প্রার্থীদের মধ্যে গণ অধিকার পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও খেলাফত মজলিসের দুজন করে এবং জাতীয় পার্টি (আনিসুল-রুহুল), বাংলাদেশ জাতীয় পার্টি, বাসদ (মার্ক্সবাদী), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের একজন করে প্রার্থী রয়েছেন। এ ছাড়া কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য প্রার্থীরা স্বতন্ত্র। তাদের মধ্যে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপিদলীয় অন্তত আটজন নেতা রয়েছেন।
দেশের সব আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইয়ের কাজ চলবে আগামীকাল রোববার পর্যন্ত। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।
কক্সবাজার
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াতের প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তার নামে হাইকোর্টে থাকা একটি মামলার তথ্যগত গরমিল থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়।
এ ব্যাপারে হামিদুর রহমান আযাদ গত রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার আইনি মারপ্যাঁচে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন।
এ ছাড়া কক্সবাজার-১ ও কক্সবাজার-২ আসনে আরও তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। গতকাল সন্ধ্যায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবদুল মান্নান।
বগুড়া
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মনোনয়নপত্র দাখিল করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসংগতি রয়েছে। তিনি হলফনামায় ফৌজদারি মামলার কোনো তথ্য দেননি। হলফনামায় যে অ্যাফিডেভিট দিয়েছেন, তা সম্পাদনের এক দিন পর তিনি স্বাক্ষর করেছেন। তিনি সম্পদ বিবরণীর ফরম দাখিল করেননি।
বগুড়া-২ আসনে মোট সাতজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে মান্নাসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মাহমুদুর রহমান মান্নার পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার। তিনি বলেন, নোটারি পাবলিকে অ্যাফিডেভিট সম্পাদনের দিনই মাহমুদুর রহমান স্বাক্ষর করেছেন। প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থীর পক্ষে উপস্থিত নেতা-কর্মীদের চাপে পড়ে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন। তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন এবং প্রার্থিতা ফিরে পাবেন বলে আত্মবিশ্বাসী। উল্লেখ্য, মান্না ঢাকা-১৮ আসনেও মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ছাড়া বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ৭ জনের মধ্যে ২ জন এবং বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে ৫ জনের মধ্যে ১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
