জামায়াতকে নিয়ে এনসিপি নেত্রী সামান্তার ফেসবুক পোস্টে বিরূপ মন্তব্য

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
২8 ডিসেম্বর, ২০২৫
জামায়াতে ইসলামীকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র নয়।
তাই দলটির সঙ্গে জোট না গড়ার আহ্বান জানিয়েছেন সামান্তা। তার দাবি, জামায়াতের সঙ্গে সমঝোতায় যাওয়ার জন্য এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে।
রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে সামান্তা এ মন্তব্য করেন। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনি জোট গড়ার প্রেক্ষাপটে এই মন্তব্য করলেন তিনি।
পোস্টে সামান্তা লিখেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না। তার রাজনৈতিক অবস্থান বা দর্শনসহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি।
তিনি বলেন, সম্প্রতি রাজনৈতিক জোট প্রসঙ্গে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতারা মন্তব্য করেছিলেন—জামায়াতের জুলাইয়ের স্পিরিট, বাংলাদেশের নিয়ে পরিকল্পনা নিয়ে একমত হলে জামায়াতের সাথে জোট করতে আসতে পারে যেকোনো দল।
সামান্তার মতে, জাতীয় নাগরিক পার্টির এতদিনের অবস্থান অনুযায়ী তার মূলনীতি, রাষ্ট্রকল্প জামায়াত থেকে সম্পূর্ণ আলাদা। বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে গড়ে ওঠা দল এনসিপি। ফলে এই তিনটি বিষয়ে অভিন্ন অবস্থান যেকোনো রাজনৈতিক মিত্রতার পূর্বশর্ত।
