রাজনীতিসর্বশেষ

জামায়াত ও সমমনাদের নির্বাচনি জোটে প্রার্থী চূড়ান্ত করা নিয়ে চলছে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২৭ ডিসেম্বর, ২০২৫

আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণের জন্য জামায়াতে ইসলামীসহ আট দলের অঘোষিত জোট অক্ষুণ্ণ রাখার সাথে সাথে তাকে আরও সম্প্রসারণ করার জোর চেষ্টা চলছে। একক প্রার্থী চূড়ান্ত করা নিয়ে সংশ্লিষ্টদের মাঝে কিছুটা জটিলতা থাকলেও তা সমাধানের আশা করছেন নেতৃবৃন্দ।একই সঙ্গে এই জোট-প্রক্রিয়ায় এনসিপিসহ আরো কিছু দলের যুক্ত হওয়া নিয়েও চলছে নানা আলোচনা।

বিষয়টি নিয়ে গতকাল শুক্রবার দায়িত্বপ্রাপ্ত নেতারা একাধিক বৈঠক করেছেন। আজ শনিবারও এ ধরনের বৈঠক হওয়ার কথা রয়েছে। আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হতে আরো দুই-একদিন লাগতে পারে বলে জানা গেছে।

এদিকে চাহিদামত আসন না পেলে আট দলের এই সমঝোতা প্রক্রিয়া থেকে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের বের হয়ে যাওয়ার গুঞ্জন নিয়েও সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। যদিও এ ধরনের আভাসকে ভিত্তিহীন বলছেন সংশ্লিষ্টরা।

সূত্র মতে, ইস্যুভিত্তিক আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এক পর্যায়ে নির্বাচনি সমঝোতার ঘোষণা দিয়ে একক প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে জামায়াতে ইসলামীসহ আটটি দল। সেগুলোর মধ্যে রয়েছে: ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

গত ৯ ডিসেম্বর থেকে আসনপ্রতি একক প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে সংশ্লিষ্ট লিয়াজোঁ কমিটি। সেই কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। তবে সব দলের কাঙ্ক্ষিতসংখ্যক আসন পাওয়া নিয়ে সৃষ্ট জটিলতায় তা চূড়ান্ত হতে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, আট দলের মধ্যে যে নির্বাচনি সমঝোতা চলছে তা সফল হবে আশা করছি। আরো কিছু দলের সঙ্গে আলোচনা পাইপলাইনে আছে, তাদের সবাইকে স্বাগত জানাই।

তিনি আরো বলেন, সবাই ন্যায্যতার ভিত্তিতে সমঝোতা প্রত্যাশা করেন। এককভাবে কেউ নিয়ন্ত্রণ করবে এমন কিছু চায় না। বড় পার্টনারকে বড় স্যাক্রিফাইস করতে হবে। এই সমঝোতা কাজে আরো দুই থেকে চারদিন সময় লাগতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *