ওসমান হাদিকে গুলির ঘটনায় ‘ব্যবহৃত অস্ত্র’ উদ্ধার
নরসিংদীর একটি বিল থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
১৭ ডিসেম্বর, ২০২৫
যে আগ্নেয়াস্ত্র দিয়ে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল, সেটি উদ্ধারের কথা জানিয়েছে র্যাব। মঙ্গলবার রাতে র্যাবের এক বার্তায় বলা হয়েছে, নরসিংদী জেলার সদর থানা এলাকার একটি বিলের পানির মধ্য থেকে ওই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
র্যাবের দেওয়া তথ্যমতে, সেখান থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১টি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. ফয়সাল (২৫) নামে একজনকে আটক করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে।
ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের শ্যালক ওয়াহিদ আহমেদের (শিপু) দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর ওই বিলে অভিযান চালানো হয় বলে র্যাবের একটি সূত্র জানিয়েছে। ওয়াহিদ আহমেদের বাড়ি অর্থাৎ ফয়সল করিমের শ্বশুরবাড়ি নরসিংদী সদর থানা এলাকায়। গত রোববার ফয়সলের স্ত্রী পারভীন সামিয়া ও ওয়াহিদকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে মঙ্গলবার রাতেই র্যাবের এক বিজ্ঞপ্তিতে রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সল করিমের বোনের বাসা ও পাশের ভবনের ফাঁকা স্থান থেকে ২টি ম্যাগাজিন, ১১টি গুলি এবং ১টি চাকু উদ্ধারের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব ফয়সলের বোনের বাসার আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখেছে, ফয়সল করিম ও তাঁর সহযোগী আলমগীর ঘটনার দিন বেলা ১১টার দিকে একটি মোটরসাইকেলে করে বাসা থেকে বের হয়ে যান। পরে বিকেল ৪টার দিকে ফয়সল, আলমগীর এবং ফয়সলের মা ও ভাগিনাকে দুই ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে কিছু বের করতে দেখা যায়। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ফয়সল ও আলমগীর একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চলে যান।

