জাতীয়সর্বশেষ

তফসিল ঘোষণা: ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও

নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
১১ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়ন যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের শেষ তারিখ ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু ২২ জানুয়ারি। প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, মনে রাখবেন এবারের নির্বাচনে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংবাদ মাধ্যম ও পর্যবেক্ষক সংস্থার সহকর্মীদের ভূমিকা অপরিসীম। আপনারা স্বাধীনভাবে সর্বোচ্চ পেশাদারত্ব নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এটি আমাদের প্রত্যাশা।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ব্যক্তি ভোটার ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আমার আহ্বান— চলুন আমরা আমাদের ভোটাধিকার নিশ্চিত করি এবং ভোটে সক্রিয়ভাবে অংশ নিই। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অসত্য তথ্য ও অপতত্ত্বের বিস্তার দিন দিন বাড়ছে। এতে প্রতিপক্ষ দল বা প্রার্থীকে হেয় করার পাশাপাশি নারীদের প্রতি বিদ্বেষমূলক প্রচারণা বেড়ে আমাদের ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয় এবং নির্বাচন কলুষিত হয়।

দেশের প্রচলিত আইন অনুযায়ী এসব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি সাধারণ মানুষকে অনুরোধ জানাচ্ছি— অসত্য বা অসৎ উদ্দেশ্যে প্রচারিত কোনো তথ্যের দিকে কান দেবেন না, গ্রহণ করবেন না। মনে রাখবেন, অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ।

অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ জানিয়ে সিইসি বলেন, এবার নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও দলগুলোর প্রতি আমার অনুরোধ— আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করুন। শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জন করুন। নির্বাচনে দায়িত্ব পালনকারী সহকর্মীদের নির্বাচন কমিশনের অংশ হিসেবে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

দেশের ইতিহাসে এবারই প্রথম একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট সাদা-কালো এবং গণভোটের ব্যালট গোলাপি রঙের হবে।

গত বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় নির্বাচন ভবনে সিইসির তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করে বিটিভি ও বাংলাদেশ বেতার। তার আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে তারা নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি এতে সন্তোষ প্রকাশ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন এবং রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *