বিনোদনসর্বশেষ

ইসরাইল থাকায় ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা বর্জন করল ইউরোপের চার দেশ

ইসরাইলি গায়িকা ইউভাল রাফায়েল। এ বছরের ইউরোভিশনে দেশটির প্রতিনিধিত্ব করছেন তিনি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৬ ডিসেম্বর, ২০২৫

ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় ইসরাইলকে অংশগ্রহণের অনুমোদন দেওয়ার পর প্রতিযোগিতাটি বর্জনের ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস ও স্লোভেনিয়া।

যেসব দেশ গাজায় যুদ্ধ ও গণহত্যা এবং ভোটাভুটিতে অনিয়মের অভিযোগে ইসরাইলকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছিল এই দেশগুলো তাদের অন্যতম।

ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ) জানায়, জেনেভার এক বৈঠকে সদস্যদের একটি ‘বড় অংশই’ মত দেয়, (প্রতিযোগিতায়) অংশগ্রহণ নিয়ে আর কোনো ভোটাভুটির প্রয়োজন নেই এবং ২০২৬ সালের ইউরোভিশন আগের পরিকল্পনামতোই চলতে পারে। সূত্র:বিবিসি

এ বিষয়ে গোপন ব্যালটের দাবির পক্ষে সোচ্চার স্পেনের জাতীয় রেডিও ও টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচারমাধ্যম আরটিভিই বলেছে, এই সিদ্ধান্ত ‘উৎসবটির আয়োজক প্রতিষ্ঠানটি নিয়ে অবিশ্বাস’ বাড়িয়ে দিয়েছে।

গাজায় ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়েছে এবং সেখানে চলমান মানবিক সংকটে এখনো অসংখ্য বেসামরিক মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে উল্লেখ করে আয়ারল্যান্ডের জাতীয় রেডিও ও টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচারমাধ্যম আরটিই বলছে, মনে হচ্ছে এই আয়োজনে অংশগ্রহণ করা হবে বিবেকহীনের মতো কাজ।

ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের পাশাপাশি স্পেন ইউরোভিশনের ‘বিগ ফাইভ’ দেশগুলোর একটি। এসব দেশের শিল্পীরা সরাসরি ফাইনালে ওঠার সুযোগ পান। কারণ, এসব দেশের সম্প্রচারমাধ্যমগুলো ইবিইউকে সবচেয়ে বড় আর্থিক অনুদান দেয়।

প্রতিযোগিতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার বিবিসিসহ প্রায় ৫০টি সম্প্রচার সংস্থা ইবিইউর বৈঠকে যোগ দেয়। প্রতিযোগিতাটি প্রতিবছর ১৫ কোটির বেশি মানুষ দেখে।

ওদেরকে নতুন কিছু নিয়মের পক্ষে সমর্থন দিতে বলা হয়। যেগুলোর লক্ষ্য হচ্ছে—সরকার এবং তৃতীয় পক্ষকে তাদের প্রতিযোগীদের জন্য সংগঠিতভাবে ভোটের প্রচার চালানো থেকে নিরুৎসাহিত করা। কারণ অভিযোগ উঠেছিল, এ বছর ইসরাইল তাদের প্রতিযোগী ইউভাল রাফায়েলের পক্ষে (অনলাইন ক্যাম্পেইনে) অন্যায্যভাবে সমর্থন বাড়িয়ে দিয়েছিল।

বিবিসি নিউজ নিশ্চিত করেছে, যে ব্যবস্থা গ্রহণ করতে ভোটের আয়োজন করা হয়, সেখানে একটি শর্তও যুক্ত ছিল। শর্তটি ছিল, প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে আর কোনো ভোটাভুটি হবে না এবং এ বিষয়ে সদস্যরাও একমত হয়।

ইবিইউ বলেছে, এই ভোটের অর্থ হলো সব ইবিইউ সদস্যের মধ্যে যারা ২০২৬ সালের ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় অংশ নিতে চায় এবং নতুন নিয়মগুলো মানতে সম্মত, তারাই অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবে।

ইউরোভিশন সংগীত প্রতিযোগিতার পরিচালক মার্টিন গ্রিন বলেন, তিনি ‘খুশি’ যে ভোটের আগে ইসরাইলের অংশগ্রহণ নিয়ে সদস্যদের ‘বিতর্ক করার সুযোগ’ দেওয়া হয়েছিল।

গ্রিন বলেন, ‘বিতর্কটি ছিল খোলামেলা, সৎ এবং যথেষ্ট মর্মস্পর্শী। কিন্তু আমরা ফলাফলে স্পষ্ট দেখতে পাচ্ছি, সবাই সত্যিই বিশ্বাস করে যে ইউরোভিশন সংগীত প্রতিযোগিতাকে রাজনৈতিক মঞ্চের মতো ব্যবহার করা উচিত নয়। এটির কিছুটা নিরপেক্ষতা বজায় রাখতে হবে।’

প্রতিযোগিতায় ইসরাইলকে অংশ নিতে দেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছেন গাজায় গণহত্যাকারী দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। তিনি বলেন, তিনি ‘খুশি যে ইসরাইল আবার ইউরোভিশনে অংশ নেবে এবং আশা করেন প্রতিযোগিতা এমন একটি অনুষ্ঠান হিসেবে থাকবে, যা সংস্কৃতি, কবিতা, মানুষের মধ্যে বন্ধুত্ব এবং সীমান্তপারের সাংস্কৃতিক বোঝাপড়াকে শুদ্ধ করবে।’

তবে এই সিদ্ধান্ত ইউরোভিশন কমিউনিটির মধ্যকার গভীর বিভক্তিকে সবার সামনে এনেছে।

এক বিবৃতিতে ডাচ সম্প্রচারমাধ্যম অ্যাভ্রোট্রস বলেছে, ‘বর্তমান পরিস্থিতিতে অংশগ্রহণ করা জনগণের মূল্যবোধের (যা আমাদের জন্য অপরিহার্য) সঙ্গে অসংগতিপূর্ণ।’

স্প্যানিশ সম্প্রচারমাধ্যম আরটিভিই বলেছে, ‘আরটিভিই-এর পরিচালনা বোর্ড গত সেপ্টেম্বরে সম্মত হয়েছিল, ইসরেইল এতে অংশ নিলে স্পেন ইউরোভিশন থেকে সরে যাবে।’

‘এই সরে যাওয়ার অর্থ আরটিভিই ইউরোভিশনের ২০২৬ সালের ফাইনাল তো বটে, এমনকি প্রাথমিক সেমিফাইনালগুলোও সম্প্রচার করবে না।

স্লোভেনিয়ার সম্প্রচারমাধ্যম আরটিভি জানিয়েছে, (এ বিষয়ে) তাদের অবস্থানও ‘অপরিবর্তিত’ থাকবে।

আরটিভি জানিয়েছে, ‘সাম্প্রতিক নিয়মের পরিবর্তনগুলো আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে পারেনি। একটি সরকারি সম্প্রচারমাধ্যম হিসেবে আরটিভি স্লোভেনিয়া নৈতিক নীতিমালা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা আশা করে, সব ইবিইউ সদস্য ও অংশগ্রহণকারী দেশে সমান নিয়ম ও মানদণ্ড প্রযোজ্য হবে।’

বেলজিয়ামের সম্প্রচারমাধ্যম জানিয়েছে, তারা আগামী কয়েক দিনের মধ্যে একটি পক্ষ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *