রাজনীতিসর্বশেষ

বিএনপি থেকে মিত্ররা কি দূরে সরে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
০৬ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চরমে উঠেছে দলটির মিত্রদের। বিএনপির ঘোষণা করা ২৭২ আসনের প্রার্থী তালিকা কেন্দ্র করে যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিনের সহযোগী বাংলাদেশ লেবার পার্টি ইতোমধ্যেই বিএনপির সঙ্গে দুই দশকের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। ক্ষোভ প্রকাশ করেছে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণতন্ত্র মঞ্চের নেতারাও।

শরিক দলের অভিযোগ, আসন ভাগাভাগি বা সমঝোতার কোনো আলোচনা না করে বিএনপি হঠাৎ অধিকাংশ আসনেই নিজের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তাদের দাবি, প্রতিপক্ষ জামায়াতে ইসলামী শরিকদের সঙ্গে সম্পর্ক বাড়ালেও বিএনপি উল্টো নিজ মিত্রদের দূরে ঠেলে দিচ্ছে। এতে বিএনপির ওপর শরিকদের আস্থাহীনতা বাড়ছে।

বিএনপির দাবি, যুগপৎ আন্দোলনের শরিকদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। দলটি আগেই ঘোষণা দিয়েছে, সবাইকে সবার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে। বিশেষ করে যারা নির্বাচনে জয়ী হতে পারবেন, তাদের আসন ছাড় দেওয়া হবে আর যারা জয়ী হতে পারবেন না, তাদের সরকারে মূল্যায়ন করা হবে।

সম্প্রতি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। পরে একটি আসনের প্রার্থীকে বাদ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ৩৬ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি। এ তালিকায় ১২ দলীয় জোট, সমমনা জোট ও লেবার পার্টির শীর্ষ নেতাদের প্রত্যাশিত তিনটি আসনে বিএনপি নিজস্ব প্রার্থী দেওয়ায় মিত্ররা ক্ষুব্ধ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *