আয়ারল্যান্ড টি–টোয়েন্টি সিরিজ বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ
ছবি: সংগৃহীত
ক্রীড়া ডেস্ক
এনভিবিডি24ডটকম
০২ ডিসেম্বর, ২০২৫
আজ যে জিতবে, টি–টোয়েন্টি সিরিজ তাদের। সিরিজ নির্ধারণী ম্যাচটা আবার বাংলাদেশ-আয়ারল্যান্ড দুই দলের জন্যই বিশ্বকাপের আগে নিজেদের দেখা শেষ সুযোগ।
তিন পেসার মোস্তাফিজ, তানজিম আর সাইফউদ্দিনকে নিয়ে ব্যস্ত বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট।
অনুশীলন তখন প্রায় শেষ দিকে। নেট বোলারদের সবাই ব্যস্ত ড্রেসিংরুমের আশপাশের নেটে ব্যাটসম্যানদের বোলিং করায়। এর মধ্যেই শামীম হোসেনকে নিয়ে উল্টো দিকের নেটে এলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। সেখানে আর কোনো ব্যাটসম্যান নেই, বোলারও আশরাফুল একাই।
দীর্ঘ সেই অনুশীলনের ফাঁকে শামীম কাভারের দিকে ড্রাইভ খেলতেই আশরাফুল বলে উঠলেন, ‘এটা উড়িয়ে মারতে গেলেই কিন্তু ক্যাচ হয়ে যেত।’ শামীমের শটের প্রশংসাও করলেন তিনি। আশরাফুল শামীমের কাছে জানতে চাইলেন আর কোনো শট ঝালিয়ে নেওয়ার ইচ্ছে আছে কি না তার।
আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ শেষ টি–টোয়েন্টি ম্যাচের আগে শামীমকে নিয়ে ব্যাটিং কোচের মতো বাড়তি মনোযোগ সবারই। প্রথম দুই ম্যাচের দলে না থেকেও আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন শামীম। শামীমকে আলোচনায় নিয়ে এসেছিলেন আসলে অধিনায়ক লিটন দাসই।
প্রথম দুই টি–টোয়েন্টির দলে শামীমকে না রাখায় প্রধান নির্বাচকের প্রতি ক্ষোভ জানিয়েছিলেন সংবাদ সম্মেলনে। অথচ শামীমকে বাদ দিয়ে যাকে নেওয়া হয়েছে, সেই মাহিদুল ইসলাম কিনা আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের একাদশে সুযোগই পাননি! বিশ্বকাপের আগে তাকে পরখ করে দেখতে চাওয়া নির্বাচকদের ভাবনাটা কি তাহলে উপেক্ষিতই থেকে গেল টিম ম্যানেজমেন্টের কাছে?
এই প্রশ্নটাই আজ বাংলাদেশকে ফেলেছে বড় এক পরীক্ষায়। প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর দ্বিতীয়টিতে সিরিজে সমতা ফেরানো গেছে ঠিকই, কিন্তু আজ শেষ ম্যাচ জিতে ঘরের মাঠের সিরিজটা নিজেদের করতে না পারলে লিটন দাসের দলের দিকে ধেয়ে আসবে সমালোচনার তির। কিন্তু ফেব্রুয়ারি–মার্চের টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে মাহিদুলকে দেখার এটাই তো শেষ সুযোগ!
মাঝে বিপিএল আছে, তবে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই বাংলাদেশ দল যাবে বিশ্বকাপে। এমন ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যের সঙ্গে নিজেদের গুছিয়ে নেওয়ার তাড়নাও থাকবে স্বাভাবিক। বিশ্বকাপের আগে সেটারও শেষ সুযোগ আজ। তবে এত কিছু ভেবে শেষ ম্যাচের আগে নিজের ভাবনাকে জটিল করতে চান না পেস বোলিং কোচ শন টেইট।

