রাজনীতিসর্বশেষ

নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
০২ ডিসেম্বর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে আয়োজিত শুকরানা ও দোয়া অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা দেখছি যে নির্বাচনের আগে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম, সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে এই কারণে আমরা সংস্কার নিয়ে একটা সমঝোতায় পৌঁছাতে পারিনি। দুটি দল মুক্তিযুদ্ধ ও ধর্ম নিয়ে রাজনীতিতে খেলছে বলেও অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক।

তিনি বলেন, একটি দল মুক্তিযুদ্ধ কার্ড খেলছে, মুক্তিযুদ্ধ বনাম রাজাকার। আরেকটি দল ধর্ম কার্ড খেলছে, ইসলাম বনাম ইসলাম বিরোধী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, খালেদা জিয়া প্রচণ্ডভাবে অসুস্থ। আমরা তার আরোগ্য কামনা করি। বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের লড়াইয়ে তার যে ভূমিকা সেই ভূমিকা এই জাতি মনে রাখবে। আমরা আশা করবো যে তিনি আমাদের মধ্যে আরো অনেকদিন বেঁচে থাকবেন।

জুলাই অভ্যুত্থানে সমর্থন জানিয়ে আরব আমিরাতে কারারুদ্ধ হওয়া প্রবাসীদের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের সময়ে যখন একটা পর্যায়ে আমরা বাংলাদেশের রাজপথে নামতে পারছিলাম না। আমাদেরকে ডিবি অফিসে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। সে সময় বৈশ্বিকভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করেছিল প্রবাসে থাকা আমাদের ছাত্র, শ্রমিক এবং অন্যান্য পেশাজীবী মানুষেরা। পৃথিবীর প্রায় প্রতিটি দেশে যেখানে বাংলাদেশিরা রয়েছে তারা প্রত্যেকে কথা বলেছেন, প্রত্যেকে সেখানে রাজপথে নেমেছেন, কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন এবং অনলাইনে তারা ক্যাম্পেইন করেছেন।

আরব আমিরাতে যারা কারারুদ্ধ হয়েছিলেন, মুক্তির পর তাদের দেশে ফিরিয়ে এনে পুনর্বাসনের আহ্বান জানান নাহিদ। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তারা রাজপথে নেমেছে। কিন্তু সে দেশের আইনে এটা আইনবহির্ভূত কাজ হওয়ায় তাদেরকে গ্রেপ্তার হতে হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, তাদের পুনর্বাসনের ব্যবস্থা যেন করা হয়। একজন ভাই জেলেই মৃত্যুবরণ করেছেন। তার আত্মার মাগফেরাত কামনা করি।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনের আগে দেশে ‘ইসলাম এবং এন্টি ইসলাম’ গেম হচ্ছে। ৯০ শতাংশ মুসলমানের দেশে মুসলিমদের অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না এবং আঘাত হানলে তা রুখে দেওয়া হবে। একইসঙ্গে এনসিপি হিন্দুত্ববাদী বা ধর্মীয় বিভাজনের রাজনীতি চায় না বলেও তিনি জানান।

নাসীরুদ্দীন খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনা ও জাতীয় পার্টিকে দায়ী করে বলেন, ‘শেখ হাসিনার বিষয়ে আমাদের যে অবস্থান, জামায়াত ও বিএনপিকেও জাতীয় পার্টির বিষয়ে একই অবস্থান নিতে হবে। কুসুম কুসুম প্রেম চলবে না।’

দলীয় সাংগঠনিক অবস্থান তুলে ধরে নাসীরুদ্দীন বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল, কিন্তু তাদের একটা সমস্যা হচ্ছে তারা এখনও সংস্কারের পক্ষে আসেনি। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল না, তারা রেভল্যুশনারি দল, কিন্তু তাদের অনেক ভালো কাজ হয়েছে।’ তিনি জানান, এনসিপির রাজনীতি হলো তারা গণতান্ত্রিক রাজনীতি করতে চায় এবং একইসঙ্গে ভালো কাজ করতে চায়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নমিনেশন প্রক্রিয়া চলছে এবং যারা দুর্নীতি-চাঁদাবাজি করেছে, এমন একজন লোকও এনসিপি থেকে মনোনয়ন পাবে না।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান, আমিরাত থেকে দেশে ফেরা কারাবন্দি জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেবে এনসিপি। তিনি অভিযোগ করে বলেন, কারাবন্দি জুলাই যোদ্ধাদের পরিবারের সঙ্গে সরকার অসহযোগিতামূলক আচরণ করেছে এবং সরকারকে আরও জনবান্ধব হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *