গাজার কয়েকটি এলাকা থেকে সরে যাচ্ছে ইসরাইলি সেনারা
নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১০ অক্টোবর, ২০২৫
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি সেনারা গাজার কিছু অংশ থেকে সরতে শুরু করেছে। স্থানীয় কিছু বাসিন্দাও ইতিমধ্যে বিধ্বস্তু এলাকায় ফিরে এসেছেন। তবে আদৌ সংঘাতের অবসান ঘটছে কি না, তা নিয়ে শঙ্কায় আছেন তারা। সূত্র: রয়টার্স
গাজা সিটির শেখ রাদওয়ান এলাকার বাসিন্দা ৪০ বছর বয়সী ইসমাইল জায়দা বলেন, ‘আমার বাড়িটি যে এখনো দাঁডিয়ে আছে, তা নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তবে জায়গাটা ধ্বংস হয়ে গেছে। আমার প্রতিবেশীদের ঘর বিধ্বস্ত হয়েছে, পুরো এলাকা গুঁড়িয়ে গেছে।’
যুদ্ধবিরতি নিয়ে সন্দেহ প্রকাশ করে রাদওয়ান বলেন, ‘তারা যেভাবে বলছে, আদৌ কি তা শেষ হয়েছে? কেন কেউ এসে আমাদের বলছে না যে সত্যিই যুদ্ধবিরতি হয়েছে এবং আমরা নির্ভয়ে থাকতে পারি কি না।’
ইসরাইল সরকার আজ শুক্রবার সকালে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এতে ২৪ ঘণ্টার মধ্যে গাজা হামলা বন্ধ করা সম্ভব হবে এবং এরপর ৭২ ঘণ্টার মধ্যে আটক ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে।

