আন্তর্জাতিকসর্বশেষ

গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রথমদিনের আলোচনা ‘ইতিবাচক’

নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
৭ অক্টোবর, ২০২৫

গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’ পরিবেশে শেষ হয়েছে। আজ মঙ্গলবারও এই আলোচনা অব্যাহত থাকবে। সূত্র: আল জাজিরা
মিসরের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন আল-কাহেরার খবরের বরাতে আল জাজিরা জানিয়েছে, সোমবার (৬ অক্টোবর) মিসরের অবকাশ শহর শার্ম আলশেখ এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে হামাসের প্রতিনিধিদের সঙ্গে মধ্যস্থতাকারীরা বৈঠকে বসেন। মধ্যস্থতাকারী হিসেবে রয়েছেন মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।
খবরে বলা হয়, গাজা আলোচনার প্রথম দিন ‘ইতিবাচক পরিবেশে’ শেষ হয়েছে। আজ মঙ্গলবারও এই আলোচনা অব্যাহত থাকছে।
শার্ম আল-শেখে অনুষ্ঠিত আলোচনায় অংশ নিতে সোমবারই ইসরায়েলি একটি প্রতিনিধি দল পৌঁছে। তবে আলোচনার অগ্রগতি বা সম্ভাব্য সমঝোতার বিষয়ে বিস্তাারিত কিছু জানানো হয়নি।
এই আলোচনাকে গাজায় চলমান গণহত্যা বন্ধে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সিএনএন জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মিসরে াবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে চলমান আলোচনায় হামাস বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মতি দিচ্ছে। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের কোনো ‘রেড লাইন’ বা সীমারেখা আছে কি না; যেমন- হামাসকে নিরস্ত্র করার দাবি, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যদি কিছু শর্ত পূরণ না হয়, তাহলে আমরা তা করবো না। তবে আমার মনে হয়, আমরা বেশ ভালো অগ্রগতি করছি।
ট্রাম্প আরও বলেন, এটা এমন এক চুক্তি যেখানে সবাই অবিশ্বাস্যভাবে একসঙ্গে এসেছে। আমি সত্যিই মনে করি আমরা এই চুক্তিটি সম্পন্ন করতে পারবো।
বিবিসির এক খবরে বলা হয়, আলোচনার প্রধান লক্ষ্য মাঠ পর্যায়ে উপযুক্ত পরিস্থিতি তৈরি করা; যাতে বন্দি ও জিম্মি বিনিময় চুক্তি সম্ভব হয়। চুক্তিতে পৌঁছালে গাজায় বন্দি ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এই জিম্মিদের বিনিময়ে ইসরাইলের কারাগারে বন্দি নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *