রাজনীতিসর্বশেষ

বেনজীর গ্রেপ্তারের ঘটনায় আতঙ্কে আ.লীগের পলাতক দুর্বৃত্ত চক্র

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

1৭ জুন, ২০২৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পর বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্নীতির মামলায় বিদেশের মাটিতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের এই হাই-প্রোফাইল কর্মকর্তার গ্রেপ্তারের খবর ছড়াতেই বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতৃবৃন্দের মাঝে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

বিশেষ করে দুর্নীতি, অর্থপাচার ও হত্যা মামলার আসামি এবং ইন্টারপোলের রেড নোটিসের প্রক্রিয়ায় থাকা নেতারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারা বর্তমান আশ্রয়স্থল ছেড়ে আরো নিরাপদ কোনো দেশে আশ্রয়ের সন্ধান করছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইন্টারপোলের রেড নোটিস জারিকৃত পলাতক আসামি বেনজীর আহমেদকে দুবাই সিটি পুলিশ গ্রেপ্তার করে। বিষয়টি যাচাই-বাছাই করে আবুধাবি সরকার ১২ জুন শুক্রবার বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট শাখাকে নিশ্চিত করে। গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতিতে এটা জানিয়েছেন। সরকারের তরফ থেকে সব ধরনের প্রমাণ উপস্থাপন সাপেক্ষে তাকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জানা গেছে, বেনজীরকে ফিরিয়ে আনতে দুর্নীতি দমন কমিশন, স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করছে। মানিলন্ডারিংসহ বেনজীরের বিরুদ্ধে দুদকের ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার বিচার চলছে। বাকি পাঁচ মামলার তদন্ত চলমান। এছাড়া তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম, খুন ও গণহত্যার অন্তত ১০টি মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন।

ইন্টারপোলের রেড অ্যালার্টে থাকা একাধিক ব্যক্তি বিদেশে গ্রেপ্তার ও পরবর্তী সময়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে বাংলাদেশে ফিরিয়ে আনার ঘটনা ইতোপূর্বে ঘটলেও বেনজীরের মতো হাই-প্রোফাইল কোনো ব্যক্তির গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

বেনজীরের গ্রেপ্তারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী শিবিরে বড় ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। গত সাড়ে ১৫ বছরের খুন-হত্যা-নির্যাতনে অভিযুক্ত দলটির নেতাকর্মীরা গ্রেপ্তারসহ বিচারের মুখোমুখি হওয়া এড়াতে চব্বিশের ৫ আগস্টের আগে পরে বৈধ-অবৈধ পথে বিদেশে পাড়ি দিয়ে নিজেদের ‘আপাতত নিরাপদ’ ভাবতে শুরু করলেও বেনজীরের ঘটনা তাদের ঘুম হারাম করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থান করা নেতাকর্মীরা উৎকণ্ঠায় পড়েছে। এছাড়াও বিভিন্ন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়ে নাকচ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিদেশে গ্রেপ্তার হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের মধ্যম সারির কয়েকজন নেতার সঙ্গে আলাপকালে দলের নেতাদের মধ্যে নতুন করে ভয় তৈরি হওয়ার কথা জানিয়েছেন। তারা জানিয়েছেন, দলের যেসব নেতার নামে বাংলাদেশে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও সাজা হয়েছে তাদের মধ্যে উদ্বেগ কাজ করছে।

আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী, দুর্নীতিবাজ ও গুম-খুনের সঙ্গে সম্পৃক্ত আমলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পলাতক সদস্যদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে। তারা বর্তমানের ঝুঁকিপূর্ণ দেশ ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে ভারতে অবস্থানরত নেতৃবৃন্দ এখনো নিজেদের অপেক্ষাকৃত নিরাপদ মনে করছেন। শেখ হাসিনাসহ দলটির শীর্ষ নেতাদের ভারত সরকার যেভাবে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তাতে তারা মনে করছেন, যে কোনো পরিস্থিতিতে মোদি সরকার তাদের পাশেই দাঁড়াবে। এদিকে ভারতকে ‘অপেক্ষাকৃত নিরাপদ’ মনে করা হলেও বিভিন্ন সময়ে দেশটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেখানে অবস্থানরত নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। গত মে মাসের শেষদিকে সেখানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। অবশ্য, ভারতে গ্রেপ্তার হলেও তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা খুব একটা নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পরই গ্রেপ্তার এড়াতে দলটির অসংখ্য নেতাকর্মী সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। পরবর্তীতে তাদের অনেকেই সুযোগ বুঝে ভারত ছেড়ে অন্যান্য দেশে গিয়ে অবস্থান করছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. সাহাবুল হক বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেপ্তার আন্তর্জাতিক আইনি সহযোগিতার একটি নজির স্থাপন করেছে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের যেসব নেতার বিরুদ্ধে দুর্নীতি, মানবতাবিরোধী অপরাধ বা অন্যান্য গুরুতর অভিযোগ রয়েছে, তাদের জন্য এটি উদ্বেগজনক সংকেত। অনেক দেশ এখন অভিবাসন ও ভিসা প্রক্রিয়ায় মানবাধিকার ও দুর্নীতির তথ্য যাচাই করছে। ফলে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পরোয়ানা বা রেড নোটিস ইস্যু করা সম্ভব হলে গ্রেপ্তার এড়ানো কঠিন হতে পারে।

বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, বেনজীরের গ্রেপ্তারের খবরটি নিঃসন্দেহে ভালো খবর। এই গ্রেপ্তারে একটি শুভ লক্ষণ হচ্ছেআবুধাবি সরকার স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশকে খবরটি জানিয়েছে। তবে, এই গ্রেপ্তারের মানেই তিনি ফিরে আসছেন সেটা এই মুহূর্তে বলতে পারছি না। এর জন্য একটি লম্বা প্রক্রিয়া রয়েছে। বেনজীর যে অপরাধী তার সব তথ্য-প্রমাণ নিয়ে নিশ্চিত করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, বিদেশে গ্রেপ্তারের পরে আবার মুক্তিও পেয়ে যায়। খুব করে আশা করব বেনজীরের ক্ষেত্রে সেটা হবে না। সরকারের উচিত হবে দ্রুত তথ্য-প্রমাণ দিয়ে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত রেখে তাকে ফিরিয়ে আনা।

বেনজীরের গ্রেপ্তারের পথ ধরে গণহত্যা, দুর্নীতি ও অর্থপাচারের সঙ্গে জড়িতদের ইন্টারপোলের রেড নোটিস জারির মাধ্যমে ফেরত আনার পথ উন্মুক্ত হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে এই বিশ্লেষক বলেন, বেনজীরের গ্রেপ্তারের ঘটনাটি অবশ্যই ইতিবাচক। এটা অন্যদের ক্ষেত্রেও হয়তো প্রভাব পড়বে। তবে আমরা যতটা ভাবছি বিষয়টি ততটা সহজ নয়। কারণ এগুলো নির্ভর করে সংশ্লিষ্ট দেশগুলোর মর্জির ওপর। অপরাধীর অপরাধের বিষয়ে দেশগুলোকে সন্তুষ্ট করে কূটনৈতিক দেন-দরবার করতে হয়। এ প্রসঙ্গে শেখ হাসিনার নাম উল্লেখ করে তিনি বলেন, সরকার চাইলেও তো ভারত থেকে শেখ হাসিনাকে আনতে পারছে না। কারণ ভারত সরকার তাকে অতিথি করে রেখেছে। কেবল ভারত সরকার চাইলেই শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব। অন্য অপরাধীদের হিসাব-নিকাশও একই ধরনের হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *