খেলাসর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে সুইডেনের কাছে ৫-১ গোলে হারল তিউনিসিয়া

ক্রীড়া ডেস্ক

এনভিবিডি24ডটকম

15 জুন, ২০২৬

বিশ্বকাপ ২০২৬-এ দারুণ শুরু করল সুইডেন। তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিল তারা। ৮ বছর পর বিশ্বকাপে ফেরা সুইডেনের হয়ে ইয়াসিন আয়ারি দুটি গোল করেন। আলেক্সান্ডার ইসাক, ভিক্টর ইয়োকেরেশ ও মাতিয়াস সভেনবার্গ একটি করে গোল পান।

ম্যাচের মাত্র ৭ মিনিটেই এগিয়ে যায় সুইডেন। আক্রমণ ঠেকাতে বক্সের মধ্যে তিউনিসিয়ার গোলরক্ষক এগিয়ে এসেছিলেন। একটি শট ঠেকালেও ফিরতি শটে ইয়াসিন আয়ারিকে থামাতে পারেননি তিনি। বল সমস্ত তিউনিসিয়ান রক্ষণকে ফাঁকি দিয়ে জালে যায়।

গোল খেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল তিউনিসিয়া। গোলের ২ মিনিটের মধ্যেই সমতায় ফেরার কাছাকাছি গিয়েছিল তারা। কিন্তু সুইডিশ গোলরক্ষক ক্রিস্টোফার নর্ডফেল্ড পরপর দুটি সেভ করে দলকে বাঁচান।

২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সান্ডার ইসাক। বাম দিক থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে তার জোরালো শট ডান পোস্ট দিয়ে জালে ঢোকে।

তবে হাল ছাড়েনি তিউনিসিয়া। ৪৩ মিনিটে ওমার রেকিক ডান দিক থেকে আসা ক্রসে দারুণ হেড করেন। বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে যায়। উল্লেখযোগ্য বিষয়, এটি ছিল প্রথমার্ধে তিউনিসিয়ার প্রথম লক্ষ্যে শট। ২-১ নিয়ে বিরতিতে যায় সুইডেন।

সে গোল দ্বিতীয়ার্ধে রোমাঞ্চের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু হলো তার উল্টোটা। এক এক করে আরও ৩ গোল করে সুইডিশরা ম্যাচটা নিজেদের করে নেয়।

দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে তিউনিসিয়ার রক্ষণের ভুলে বল পান ইসাক। তার বাড়ানো বল বক্সে ফাঁকায় পান ভিক্টর ইয়োকেরেশ। বক্সের ডান পাশ থেকে দূরের পোস্টে তার শট থামাতে পারেননি তিউনিসিয়ান গোলরক্ষক মুহিব শামাখ। ফের ২ গোলের ব্যবধান ফিরে পায় সুইডেন।

এরপর বদলি হিসেবে মাঠে নামা সভেনবার্গ মাঠে প্রথম ছোঁয়াতেই গোল করেন আয়ারির পাস থেকে। প্রথমে অফসাইডের পতাকা উঠেছিল। তবে ভিএআরে দেখা যায় বলটি সভেনবার্গের কাছে যাওয়ার আগে ইসাক পা ছুঁইয়েছিলেন এবং দুজনেই অনসাইডে ছিলেন। ফলে গোলটি বহাল থাকে। সুইডেন ৪-১-এ এগিয়ে যায়।

এরপর পঞ্চম গোলের সুযোগ আসে সুইডেনের সামনে। তবে শামাখের দারুণ সেভে সেটি হয়নি। শেষ পর্যন্ত আয়ারি নিজেই ম্যাচের দ্বিতীয় গোল করেন বক্সের বাইরে থেকে দারুণ শটে। ম্যাচ শেষ হয় ৫-১ গোলে।

২০২২ বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শেষ করেছিল তিউনিসিয়া। এবারের বিশ্বকাপে তাদের শুরুটা মোটেও ভালো হলো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *