মার্কিন হামলার জবাবে জর্ডান ও বাহরাইনে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
10 জুন, ২০২৬
দক্ষিণ ইরানে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলার জবাবে জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সূত্র: আলজাজিরা
এর আগে, হরমুজ প্রণালীতে ইরানের একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার দায়ে বুধবার (১০ জুন) ভোরে দক্ষিণ ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
মার্কিন সামরিক বাহিনী এই হামলাকে আত্মরক্ষামূলক বলে দাবি করলেও ইরান একে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আগ্রাসন হিসেবে দেখছে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী অঞ্চল জুড়ে এখন দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা এবং পাল্টা পাল্টি হামলা চলছে। ইরানি আকাশ প্রতিরক্ষা বাহিনী এখন পুরোপুরি সক্রিয় রয়েছে এবং এর আগে তারা বুশেহরের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে।
আইআরজিসি ও খাতাম আল-আম্বিয়া সদর দফতরের পক্ষ থেকে এই যৌথ অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তারা জানিয়েছে, মার্কিন বাহিনী আজ ভোরে সম্পূর্ণ মিথ্যা অজুহাতে ইরানের জাস্ক, সিরিক ও কেশম দ্বীপের বেশ কয়েকটি জায়গায় অন্যায়ভাবে হামলা চালায়। শত্রুদের এই হামলায় সিরিক শহরের একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বমানি জেলার দু’টি পানির ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেছে।
এই হামলার জবাবে স্থানীয় সময় রাত আড়াইটায় আইআরজিসি নৌবাহিনী বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরে শক্তিশালী ড্রোন হামলা চালায়। তারা জর্ডানে অবস্থিত দুইটি মার্কিন ঘাটিতেও হামলা চালিযেছে। এই ঘাটিগুলোতে মার্কিন এফ-৩৫ জঙ্গী বিমান মোতায়েন রয়েছে।
তারা জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ভূপাতিত করেছে। ক্ষেপণাস্ত্রগুলো দেশটির জারকা প্রদেশের আল-আজরাক এলাকাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।
সামরিক বাহিনী এক বিবৃতি বলেছে, মাঝ আকাশে প্রতিহত করার ফলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।
বিবৃতিতে আরো বলা হয়, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও সম্ভাব্য বিস্ফোরক অপসারণের জন্য সামরিক প্রকৌশলী দল মোতায়েন করা হয়েছে। জর্ডানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থায় কাজ করছে। দেশের আকাশসীমার কোনো ধরনের লঙ্ঘন বরদাস্ত করা হবে না।
মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের এই অন্যায় ও উস্কানিমূলক আচরণ বন্ধ না করে, তবে সামনে তাদের জন্য আরো ভয়াবহ ও কঠোর পরিণতি অপেক্ষা করছে বলে জানিয়েছে তেহরান।

