রাজনীতিসর্বশেষ

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৫জুন, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “বিএনপি অতীতে আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছে। খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। সেই বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে।”

শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, “যাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে, তারাই জিয়াউর রহমানের হত্যার জন্য দায়ী। তারাই খালেদা জিয়ার প্রতি অবিচার করেছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তাদের আমলে। দেশের বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ড ও সহিংস ঘটনার দায়ও তাদের ওপর বর্তায়।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাওয়ার পর যদি গণভোটের মতো গণতান্ত্রিক প্রক্রিয়াকে অস্বীকার করা হয়, তাহলে তা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। জনগণ এমন আচরণ মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “নির্বাচিত প্রতিনিধিরা জনগণের আস্থা নিয়ে ক্ষমতায় যান। কিন্তু অল্প সময়ের মধ্যেই যদি জনগণের সঙ্গে প্রতারণা শুরু হয়, তাহলে জনগণ তার জবাব দিতে জানে।”

এনসিপি মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, চাঁদপুর জেলা কমিটির নেতা মাহবুবুল আলম, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইশরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল বাশার এবং উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধান।

অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। অনুষ্ঠানের আগে চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

আয়োজকদের দাবি, অনুষ্ঠানে পাঁচজন মুক্তিযোদ্ধার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেন।

ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *