আল-আকসা প্রাঙ্গণে হামলা পতাকা উত্তোলন করল উগ্র ইহুদীরা
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রচলিত আইন ভেঙে উগ্রবাদী ইহুদীরা এক হামলাকালে ইসরাইলি পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করেছে। গত রোববার ইসরাইলি পুলিশের নিরাপত্তায় পরিচালিত এ হামলায় প্রায় ২০০ ইহুদী অংশ নেয় বলে জানিয়েছে জেরুজালেম ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষ। সূত্র: মিডল ইস্ট আই
ওয়াকফের তথ্য অনুযায়ী, অন্তত ১৯৯ জন ইহুদী আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় কয়েকজনকে ইসরাইলি পতাকা উড়াতে, জাতীয় সংগীত গাইতে এবং তালমুদভিত্তিক ধর্মীয় প্রার্থনা (ইহুদিদের ধর্মীয় গ্রন্থের আলোকে প্রার্থনা) করতে দেখা যায়। এছাড়া তারা ডোম অব দ্য রকের সামনে ছবি তোলাসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেয়, যা ওয়াকফ কর্তৃপক্ষ উসকানিমূলক বলে উল্লেখ করেছে।
ইসলামের অন্যতম পবিত্র স্থান আল-আকসা মসজিদ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘স্ট্যাটাস কু’ বা বিদ্যমান ব্যবস্থার অধীনে পরিচালিত হয়ে আসছে। এই ব্যবস্থায় মসজিদটি একান্তভাবে মুসলিমদের ইবাদতের স্থান হিসেবে স্বীকৃত এবং এর প্রবেশ, রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক দায়িত্ব জর্ডানের তত্ত্বাবধানে ইসলামিক ওয়াকফের হাতে।
তবে বহু বছর ধরে ইসরাইলের বিরুদ্ধে এই ব্যবস্থার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সমালোচকদের মতে, ইসরাইল ক্রমেই উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর প্রায় প্রতিদিনের অনুপ্রবেশ সহজ করে দিচ্ছে, যারা মসজিদ প্রাঙ্গণে প্রার্থনা, নৃত্য এবং পতাকা প্রদর্শনের মতো অসভ্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
জেরুজালেম গভর্নরেটের মিডিয়া বিভাগের পরিচালক ওমর রাজুব বলেন, আল-আকসা মসজিদের আঙিনায় ইসরাইলি পতাকা উত্তোলন এবং উসকানিমূলক ধর্মীয় আচরণ চরমপন্থী ইসরাইলি সরকারের পরিকল্পিত ও ধারাবাহিক নীতির অংশ। তিনি বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে অধিকৃত পূর্ব জেরুজালেমে নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়া এবং আল-আকসার ঐতিহাসিক ও আইনি মর্যাদা দুর্বল করার চেষ্টা চলছে।

