নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু
মফস্বল ডেস্ক
এনভিবিডি24ডটকম
২9 মে, ২০২৬
রংপুরের তারাগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের কশিয়াবাড়ি এলাকার যমুনেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল- উপজেলার কিসামত মেনানগর ডাংগীর হাট তেলীপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে অহিদ ইসলাম (১৩) এবং নুর ইসলামের ছেলে মাসুদ (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে গ্রামের কয়েকজন কিশোর ও যুবক মিলে দুপুরের দিকে যমুনেশ্বরী নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সাঁতার কেটে অহিদ ও মাসুদ নদীর গভীর পানিতে চলে যায়। তারা কেউই ভালোভাবে সাঁতার জানত না বলে জানায় স্থানীয়রা।
পরে দুই কিশোর পানিতে তলিয়ে যেতে শুরু করলে সঙ্গে থাকা অন্যরা চিৎকার দেয়। স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা চালায়।
অনেক খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মৃত কিশোরদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

