যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয়ার বিরুদ্ধে বাহরাইনকে ইরানের কঠোর হুঁশিয়ারি
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৫ মে, ২০২৬
মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হলে এবং সেই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলে বাহরাইনকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে ইরান। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান আইনপ্রণেতা মানুচেহের মোত্তাকি এমন মন্তব্য করেছেন। এমনকি বাহরাইনের মানুষকে দেশের নাম ভুলিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি।
বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে মোত্তাকি বলেন, ভবিষ্যতে কোনো যুদ্ধ পরিস্থিতিতে বাহরাইন যদি আবারও মার্কিন বাহিনীকে তাদের ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয়, তাহলে ইরান এমন প্রতিক্রিয়া দেখাবে যা দেশটির জন্য ভয়াবহ হয়ে উঠবে।
তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপের পর বাহরাইন পরিস্থিতিকে আরো উসকে দিয়েছে। তার দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনার পরো বাহরাইন ইরানের প্রতি সহানুভূতি না দেখিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তেহরানের বিরুদ্ধে উত্থাপিত একটি প্রস্তাবে সমর্থন জানিয়েছে।

