আন্তর্জাতিকসর্বশেষ

লেবাননে প্রচন্ড ইসরাইলি হামলা, আরও ৩৯ জন মারা গেছে

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১০ মে, ২০২৬

লেবাননে ইসরাইল প্রচন্ড স্থল ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের  স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের তীব্র হামলায় আরও অন্তত ৩৯ জন নিহত হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহে একটি শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ‘নিরীহ বেসামরিক মানুষের ক্ষতির খবর সম্পর্কে তারা অবগত’।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৬ এপ্রিল ইসরাইল ও লেবানন সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়ার পরও ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

ইসরাইলের অধিকাংশ বিমান হামলা দক্ষিণ লেবাননে হয়েছে। দেশটির সামরিক বাহিনী বলছে, তারা হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে।

এদিকে হিজবুল্লাহ ড্রোন ব্যবহার করে উত্তর ইসরাইলে হামলা চালিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, এতে তাদের তিনজন সেনা আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশজুড়ে ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনের বেশি নিহত হয়েছে। তবে মন্ত্রণালয় হিজবুল্লাহ যোদ্ধা ও বেসামরিক নাগরিকদের আলাদা করে উল্লেখ করেনি।

ইসরাইলি সামরিক বাহিনী সীমান্তবর্তী লেবাননের একটি অংশও দখল করে রেখেছে।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তাদের লক্ষ্য হলো এমন একটি ‘হেজবুল্লাহ-মুক্ত নিরাপত্তা অঞ্চল’ তৈরি করা, যা ইসরাইলের উত্তরাঞ্চলের জনপদগুলোকে সুরক্ষা দেবে।

এসব এলাকায় পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে, যা গাজায় ইসরাইলি বাহিনীর ব্যবহৃত কৌশলের সঙ্গে মিল রয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, কিছু ঘটনা যুদ্ধাপরাধের শামিল হতে পারে।

অন্যদিকে হেজবুল্লাহও রকেট ও ড্রোন ব্যবহার করে লেবাননে অবস্থানরত ইসরাইলি সেনা এবং উত্তর ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

গোষ্ঠীটি জানিয়েছে, ইসরাইলের ক্রমাগত হামলার জবাবেই তারা শনিবার উত্তর ইসরাইলে ড্রোন হামলা চালিয়েছে।

২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতাকে হত্যা করার পর ২রা মার্চ প্রতিশোধ হিসেবে হেজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট ও ড্রোন হামলা চালায়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২রা মার্চ থেকে এখন পর্যন্ত লেবাননে মোট ২ হাজার ৭৯৫ জন নিহত হয়েছেন।

ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ লেবাননে যুদ্ধে তাদের ১৭ জন সেনা এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া উত্তর ইসরাইলে আরও দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *