গাজাগামী ত্রাণবহরের আটক ২ কর্মীর ওপর ইসরাইলি বাহিনীর ভয়াবহ নির্যাতন
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
গাজাভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক দুই অধিকারকর্মীকে ইসরাইলি বাহিনী মারাত্মকভাবে মারধর ও নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে।ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা ‘আদালাহ’-এর একজন আইনজীবী এই তথ্য দিয়েছেন। সূত্র: আলজাজিরা
আইনজীবী লুবনা তুমা আলজাজিরাকে জানান, গত সপ্তাহে আন্তর্জাতিক পানিসীমায় ইসরাইলি নৌবাহিনী গাজাগামী ত্রাণবহরটি আটকে দেয়। এরপর ব্রাজিলিয়ান অধিকারকর্মী থিয়াগো আভিলা এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত অধিকারকর্মী সাইফ আবু কেশেককে বাকিদের থেকে আলাদা করে ইসরাইলে নিয়ে যাওয়া হয়। ত্রাণবহরের অন্য সদস্যদের গ্রিসের পানিসীমায় মুক্তি দেওয়া হলেও এই দুজনকে বন্দি করা হয়।
তুমা বলেন, ‘আটক করার পর তাদের ওপর ধারাবাহিক সহিংসতা চালানো হয়েছে।’
তিনি জানান, বন্দি অবস্থায় তাদের চোখ বেঁধে উপুড় করে শুইয়ে রাখা হতো এবং কপাল মাটিতে ঠেকিয়ে রাখতে বাধ্য করা হতো। এ সময় তাদের ওপর উপর্যুপরি মারধর ও মৌখিক নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনের তীব্রতায় থিয়াগো আভিলা দুবার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।
শনিবার আটক হওয়ার পর প্রথমবারের মতো ওই দুই অধিকারকর্মীর সঙ্গে দেখা করার সুযোগ পান লুবনা তুমা। তিনি বলেন, ‘সাক্ষাতের সময় তারা তাদের ওপর হওয়া ভয়াবহ সহিংসতার বর্ণনা দিয়েছেন।’
আইনজীবী তুমার মতে, ওই দুই কর্মীর ওপর যে ধরনের শারীরিক ও মানসিক নিপীড়ন চালানো হয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী তা ‘নির্যাতন’ হিসেবে গণ্য হয়।

